জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলায় তিনজনের মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। একই মামলায় পৃথক ধারায় ওই তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, জামালপুর সদরের আজিজুল হকের ছেলে ফারুক হোসেন (২৮), আলী আকবরের ছেলে মনছুর আলী (২৫), শফিকুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন (১৬)। ওই মামলায় একই এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলামকে (১৭) খালাস প্রদান করেন আদালত। তবে দণ্ডপ্রাপ্ত সব আসামি পলাতক রয়েছে।
রাষ্ট্র পক্ষের আইনজীবী মো. ফজলুল হক জানান, ২০২৩ সালে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের পাকুল্লা গ্রামে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। আসামিরা স্বামীকে গাছের সঙ্গে বেঁধে ওই গৃহবধূকে গণধর্ষণ করেন। পরে ওই গৃহবধূ চারজনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা করেন। ওই মামলায় চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ১ ধারা মোতাবেক আদালত তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ডের আদেশ প্রদান করেন। একই মামলায় অপহরণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় ওই তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডেরও আদেশ প্রদান করেন আদালত। অপরদিকে একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় জাহিদুল ইসলাম নামে একজনকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।