ঝিনাইদহের শৈলকুপায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার মির্জাপুর চরগোলকনগরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার মির্জাপুর ইউনিয়নে অসহায়দের ভিজিএফের চাল দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদ থেকে কার্ড ইস্যু করা হয়। বৃহস্পতিবার সকালে চরগোলকনগর গ্রামের ওয়ার্ড বিএনপি নেতা সায়েম আলীর কাছে কার্ড চান যুবদল নেতা শামীম হোসেন। এ নিয়ে দুজনের তর্কবিতর্ক হয়। সন্ধ্যায় মাতব্বররা বিষয়টি মীমাংসার জন্য সালিশে বসেন। একপর্যায়ে সায়েম আলী ও শামীম হোসেনের সমর্থকরা সংঘর্ষে জড়ান। দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের ৫০ জন আহত হন। পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে গতকাল সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে বিএনপি ও জামায়াত নেতা-কর্মীর মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।