নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে রাতুল (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল ভোরে ফতুল্লার ইসদাইর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। রাতুল ইসদাইর বাজার পূর্ব পাড়ের মৃত মনির হোসেন মন্টুর ছেলে। স্থানীয়রা জানান, রাতুল নেশাগ্রস্ত অবস্থায় ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ওপর বসেছিলেন। এ সময় ট্রেনচালক একাধিকবার হর্ন দিলেও রাতুল তা শুনতে পায়নি। এক পর্যায়ে ট্রেনে কাটা পড়ে তার শরীর কয়েকটুকরো হয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় রাতুল।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় মামলা করা হয়েছে।