সাত দিন পর নিজের পরিবার ফিরে পেলেন মানসিক ভারসাম্যহীন তরুণী আছমা ওরফে মৌমিতা (১৮)। আইনি প্রক্রিয়া শেষে গতকাল ঘোড়াঘাট থানা পুলিশ তাকে স্বজনদের হাতে তুলে দেয়। বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। সন্তান ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মৌমিতার বাবা জাহাঙ্গীর খান। তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার ঘোড়াঘাট থানা এলাকায় এক তরুণীকে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। মেয়েটি পরিচয় স্পষ্টভাবে বলতে না পারায় তাকে নেওয়া হয় পুলিশ হেফাজতে। থানায় আনার পর পুলিশ তরুণীর ব্যাগে চিরকুটে লেখা মোবাইল নম্বর পায়। সেই নম্বরের সূত্র ধরে যোগাযোগ করা হলে মেলে তার পরিচয়। পরিবার জানায়, মেয়েটির নাম আছমা ওরফে মৌমিতা।