বন্ধক নেওয়া চা বাগানের জামানতের টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন চা চাষি সাব্বির হোসেন। গতকাল পঞ্চগড় প্রেস ক্লাব মিলনায়তনে তিনি সংবাদ সম্মেলন করেন। সাব্বির সদর উপজেলার সাতমেড়ার জোতসাওদা এলাকার বাসিন্দা। তার অভিযোগ পঞ্চগড় শহরের নতুনবস্তি রাজনগর এলাকার আনোয়ার হোসেন তার টাকা আত্মসাতের চেষ্টা করছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাব্বির বলেন, সদর উপজেলার ইসলামপুর মৌজার ৫ দাগে ৩৩৩ শতক জমির ওপর করা চায়ের বাগান বন্ধক নেওয়ার সময় তিনি আনোয়ার হোসেনকে ২০২৩ সালের ১৩ মার্চ ১৫ লাখ টাকা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত চুক্তি হয়। তিন বছর মেয়াদের চুক্তিপত্রের মেয়াদ শেষ হয় চলতি বছরের ১২ মার্চ। চুক্তির মেয়াদ শেষ হলে আনোয়ার হোসেনকে চা বাগান বুঝে নিয়ে টাকা ফেরতের জন্য অনুরোধ করেন তিনি। কিন্তু আনোয়ার হোসেন তাতে সাড়া না দিয়ে টালবাহানা করছেন। সাব্বির বলেন, ২৮ মার্চ সকালে আনোয়ার হোসেনের বাড়ি গিয়ে টাকা ফেরত চাই। টাকা চাওয়ায় তিনি হুমকি-ধমকি দেন। গত ২ এপ্রিল এ বিষয়ে পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং স্মল টি গার্ডেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জেলা সভাপতি বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।
তবে আনোয়ার হোসেন বলেন, চা বাগানের চুক্তি শেষ হওয়ার পরও সাব্বির হোসেন বাগান বুঝিয়ে দিচ্ছে না। এ ছাড়া তিনি বাগানের ৩ হাজার ২০০ গাছ ধ্বংস করেছেন। এসব গাছ রোপণ থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত তৈরি করতে আর চা পাতা বাজারজাত করতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে পঞ্চগড় সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছি।