বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ির টারগুপাড়া থেকে ইমপ্রোভাইজড এক্সক্লুসিভ ডিভাইস (আইইডি) ও অ্যান্টি পার্সোনেল মাইন উদ্ধার করেছে বিজিবি। এ ছাড়াও বাইশফাঁড়ি সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দাহ্য রাসায়নিক পদার্থ জব্দ করা হয়েছে।
গতকাল বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়জুল কবির জানান, গত বৃহস্পতিবার দুপুরে টারগুপাড়া সীমান্তের ছায়াপাড়া এলাকায় ৪-৫ জন সন্দেহভাজন ব্যক্তিকে দেখে তাদের চ্যালেঞ্জ করে বিজিবি। এ সময় তারা কয়েকটি ব্যাগ ফেলে পার্শ্ববর্তী পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়। পরে বিজিবি টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৫টি অ্যান্টি-পার্সোনেল মাইন, ৫টি সম্ভাব্য আইইডি, একটি মেটাল ডিটেক্টরসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় জিডি করা হয়েছে। একই দিন দুপুরে বাইশফাঁড়ির সীমান্তের আমবাগান এলাকা থেকে ৩ কেজি দাহ্য পাউডার, ৩ কেজি মেপোক্স (মিথাইল ইথাইল কিটোন পারক্সাইড), ও ৩ লিটার দাহ্য রাসায়নিক তরল উদ্ধার করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার রাতে রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার জীবতলী ব্রিজ এলাকা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি। মারিশ্যা ২৭ বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম বলেন, সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহৃত অবৈধ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।