গাইবান্ধার সাঘাটা উপজেলায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বিএনপির এক নেতা ও এক বালু ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মাহবুব আলম। এর আগে শুক্রবার বিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওই রাতেই মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার সাথালিয়া গ্রামের জুয়েল আমিন ও কচুয়া হাটের সবুজ মিয়া। এর মধ্যে জুয়েল আমিন সাথালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানা গেছে। সাঘাটা উপজেলা বিএনপির সদস্যসচিব সেলিম আহমেদ তুলিপ জানান, ‘জুয়েল আমিন ওয়ার্ড বিএনপির সভাপতি। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কারাদেশ প্রক্রিয়া চলমান রয়েছে।’ ওসি মাহবুব আলম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।