হযরত খানজাহান আলী (রহ.) মাজার শরিফের ঐতিহাসিক দিঘির কুমিরের আক্রমণে একটি কুকুর মারা যাওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে সদরের ইউএনও আতিয়া খাতুনকে প্রধান করে গতকাল একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ছায়েব আলী ও সদর মডেল থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ও হযরত খানজাহান আলী (রহ.) মাজার শরিফ ব্যবস্থাপনা কমিটির সভাপতি গোলাম মো. বাতেন। তিনি বলেন, ‘এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ উল্লেখ্য, গত বুধবার বিকালে কুমিরের আক্রমণে দিঘির প্রধান ঘাটে মারা যায় একটি কুকুর। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।