ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার নেতৃত্বে প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকালে উপজেলার সুলতানপুর ইউনিয়নের ঈশেননগর গ্রামে আল কাসেমিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হন সৌদি প্রবাসী ফোরকান মিয়া (৪০)। তিনি জাঙ্গাল গ্রামের মৃত তমু মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, আল কাসেমিয়া মাদ্রাসার সামনে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন মিয়ার নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ফোরকান মিয়ার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ফোরকানের মাথা ও শরীরের বিভিন্ন অংশে জখম হয়। সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।