ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরনবী সরকারকে তার অফিসে গিয়ে মারধরের ঘটনায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে দিনাজপুরের সুইহাঁড়ি ড্রাইভারপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রানীশংকৈল থানার ওসি আবদুল্লাহ আল বারী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার প্রেক্ষিতে রানীশংকৈল থানা পুলিশ দিনাজপুর পুলিশকে সঙ্গে নিয়ে গণঅধিকার পরিষদ নেতা মামুনকে গ্রেপ্তার করে। এ মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে সরকারি সময়ের বাইরে কেন অফিস খোলা রাখা হয়েছে তা নিয়ে পিআইও নুরনবী সরকারের সঙ্গে মামুনের বাগ্বিত-া হয়। একপর্যায়ে তাকে মারধর করে মামুন। এ ঘটনায় ওই রাতে রানীশংকৈল থানায় পিআইও একটি মামলা দায়ের করেন। এতে গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি সোহরাব আলী ও সম্পাদক জাফর আলীসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।