বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। দিনটি ঘিরে আজ থেকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের (সোনারগাঁ জাদুঘর) উদ্যোগে শুরু হয়েছে সাত দিনব্যাপী বৈশাখী মেলা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। মেলায় কারুশিল্পীদের হাতের তৈরি জামদানি, শতরঞ্জি, নকশি কাঁথা, মৃৎশিল্প, হাতপাখা, কাঠ খোদাই, পটচিত্র, শোলা, বাঁশ-বেতশিল্প ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সৃষ্টিশীল কর্মের উপস্থাপন ও বিপণনের সুযোগ থাকছে। এ ছাড়া মেলায় বাউল গান, লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, পুতুল নাচ, হালখাতা, বায়োস্কোপ, নাগরদোলাসহ গ্রামীণ বিনোদনের ব্যবস্থা রয়েছে।