কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবাগান উজাড় ও বালিয়াড়ি দখল করে তৈরি করা অবৈধ মৎস্য ঘের উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও বন বিভাগ। গতকাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজু বিন আফনানের নেতৃত্বে নাজিরারটেক সৈকত এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ঝাউগাছ কেটে তৈরি করা প্রায় এক একর আয়তনের একটি বড় মৎস্য ঘেরের চারপাশের বেড়া ভেঙে দেওয়া হয় এবং সেটি প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া হয়। একই সঙ্গে বালিয়াড়ি দখল করে তৈরি করা প্লট ও কয়েকটি ঘরও উচ্ছেদ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্র্রেট মনজু বিন আফনান জানান, প্রভাবশালী চক্র সরকারি এ জমি নিজেদের বলে কাগজপত্র বানিয়ে বিক্রির চেষ্টা করছে।