নওগাঁর মান্দা উপজেলায় নিম্নমানের উপকরণ ব্যবহার করে একটি সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে। ক্ষুব্ধ এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছেন। মান্দা উপজেলা প্রকৌশলী আবু সায়েদ বলেন, রাস্তা নির্মাণে কিছু অনিয়মের সত্যতা পাওয়া গেছে। নিম্নমানের উপকরণ সরিয়ে নেওয়ার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। জানা যায়, উপজেলার সাতবাড়িয়া-প্রসাদপুর খেয়াঘাট রাস্তার শয়তানের মোড় থেকে শুঁটকির মোড় পর্যন্ত ১ হাজার ৬০০ মিটার পাকা করার জন্য দরপত্র আহ্বান করে এলজিইডি। ১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে কাজ পায় কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। আগামী জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। অভিযোগ উঠেছে, কাজের শুরু থেকে সাব-ঠিকাদার মিলন হোসেন নিম্নমানের উপকরণ ব্যবহার করছেন। এলাকাবাসী বাধা দিলেও আমলে নিচ্ছেন না।
স্থানীয়দের দাবি, নির্মাণকাজে বালুর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে বিলের মাটি। ভাঙা ইটভাটা থেকে সংগৃহীত নিম্নমানের ইট, চিমনির খোয়া এবং পুরোনো রাস্তা থেকে তুলে আনা পাথর-বিটুমিনযুক্ত খোয়া ব্যবহার করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা ফিরোজ হোসেন বলেন, শুরু থেকেই আমরা ঠিকাদারকে সতর্ক করেছি। তিনি কোনো কথা শোনেননি। নিম্নমানের উপকরণ দিয়ে কাজ হলে রাস্তা দ্রুত নষ্ট হয়ে যাবে। বাধ্য হয়ে কাজ বন্ধ করে দিয়েছি। সাব-ঠিকাদার মিলন হোসেন বলেন, নিয়ম মেনেই কাজ চলছে। সামান্য ত্রুটি থাকতেই পারে। কোনো উপকরণে সমস্যা থাকলে তা সরিয়ে নেওয়া হবে।