কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের পরদিন হাসিবুল মোল্লা (৩০) নামে যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কুশলীবাসা গ্রামের মাঠে নিজেদের মেহগনিবাগান থেকে গতকাল বিকালে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। হাসিবুল ওই গ্রামের কৃষক তাজউদ্দিন মোল্লার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাসিবুল মানসিক সমস্যায় ভুগছিলেন। মাঝেমধ্যে তিনি বাড়ি থেকে চলে যেতেন। কয়েক দিন পর আবার ফিরে আসতেন। শুক্রবার সন্ধ্যায় তিনি বেরিয়ে আর ফেরেননি। গতকাল দুপুরে নিজেদের মেহগনিবাগানে হাসিবুলের লাশ দেখে স্বজনদের জানান স্থানীয়রা। বিকালে লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, লাশে আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ চত্বরের একটি পুকুর থেকে গতকাল এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিচয় জানা যায়নি। লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, ওই নারীর বয়স ৪২-৪৫ বছর। তাঁর পরিচয় ও মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।