বরিশাল সদর উপজেলার এক মা শিশু সন্তানসহ সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন। তারা হলেন- চরকাউয়া ইউনিয়নের দিনার গ্রামের বাদল মোল্লার স্ত্রী আলপনা বেগম তন্নী (৩০) ও তার চার বছর বয়সি ছেলে আলিফ। এ ঘটনায় বন্দর থানায় সাধারণ ডায়েরি করেছে পরিবার।
বন্দর থানার উপপরিদর্শক ইদ্রিস আলী জানান, বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হচ্ছে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মা-ছেলের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, ১ মে সকালে শ্বশুরবাড়ি থেকে ছেলেকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশে রওয়না দেন তন্নী। ওই দিন বিকাল ৩টার দিকে তন্নীর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে বন্ধ পান স্বামী। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পারেন তিনি বাবার বাড়ি যাননি। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাদের সন্ধান মেলেনি।