বগুড়ার শাজাহানপুরে গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। গতকাল উপজেলার বেতগাড়ি-বনানী এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিকে এ দণ্ড দেওয়া হয়।
জানা যায়, প্রতিষ্ঠানটি দইয়ে রং ও ফ্লেভার ব্যবহার করলেও মোড়কে তা উল্লেখ করেনি। ফর্টিফাইড টক দইয়ে সোডিয়াম ট্রাই পলিফসফেট ব্যবহার করা হলেও তা মোড়কে উল্লেখ ছিল না। এ ছাড়া দুধ পরীক্ষা করে টেট্রাসাইক্লিন ও বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পাওয়া যায়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, সোডিয়াম ট্রাই পলিফসফেট ডায়াবেটিক, কিডনি রোগী ও শিশুদের জন্য ক্ষতিকর রাসায়নিক। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় বলে জানান অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি।