হাইকোর্টে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহাল রাখায় বাগেরহাটের বিভিন্ন স্থানে মিছিল করেছে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সোমবার সন্ধ্যায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে মিলিত হয়। এ সময় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন বিএনপির নেতারা।
এদিকে রাত ৮টার দিকেও জেলার বিভিন্ন উপজেলা থেকেও আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।
আসন ফিরে পাওয়ায় মাগরিবের নামাজের পরে বাগেরহাট পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাতে জেলা বিএনপি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম অংশগ্রহণ করেন।
গত ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দেওয়া হয়। এর প্রতিবাদে বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে। চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করলেও ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসন জারি রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে।
পরে ৭ সেপ্টেম্বর বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বাগেরহাটের পক্ষ থেকে উচ্চ আদালতে রিট করা হয়। পাশাপাশি আসন বহালের দাবিতে মিছিল, সমাবেশ, স্মারকলিপি প্রদান, সড়ক অবরোধ ও হরতালের মতো কঠোর কর্মসূচি পালন করে বাগেরহাটবাসী। দীর্ঘ শুনানির পর আদালত সোমবার চারটি আসন বহালের রায় প্রদান করেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল