নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ১৪৫তম জন্মবার্ষিকী ও ৯৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে আয়োজিত এক সমাবেশে বক্তারা বলেছেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে আন্দোলনকারীদের অর্ধেকের বেশি ছিলেন নারী। কিন্তু ‘নতুন বাংলাদেশ’ গড়ার প্রতিশ্রুতির পরও দেশের নারীরা নিরাপদ নন—নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধ হচ্ছে না, বরং আগের বছরের তুলনায় বৃদ্ধি পাচ্ছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা অভিযোগ করেন, নারীদের কর্মঘণ্টা কমানোর নামে তাদের গৃহবন্দী করার প্রচেষ্টা চলছে। সংসদে নারী আসনে সরাসরি নির্বাচনের বিরোধিতা প্রতিক্রিয়াশীল মনোভাবের বহিঃপ্রকাশ—এর মাধ্যমে নারীদের নির্ভরশীল করে রাখার অপচেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তারা।
বক্তারা বেগম রোকেয়ার চেতনায় উজ্জীবিত হয়ে নারী অধিকার আদায়ের আন্দোলনে নারী-পুরুষ নির্বিশেষে সবার এগিয়ে আসার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি মাফিয়া বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সদস্য সচিব ফারজানা আক্তার।
অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন শিকদার প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাইনুল