বরিশালে তরুণ কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কৃষির আধুনিক জাত ও প্রযুক্তি ব্যবহারবিষয়ক দুই দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নগরীর খামারবাড়িতে কৃষি তথ্য সার্ভিসের হলরুমে কর্মশালাটি শেষ হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক (ডিএই) ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. রেজাউল হাসান। সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা শেখ হাবিবুর রহমান।
কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশালের অতিরিক্ত উপপরিচালক মো. মামুনুর রহমান, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন নাহার, পটুয়াখালীর পূর্ব গাবুয়া কৃষি তথ্য ও যোগাযোগকেন্দ্রের সভাপতি মো. হাবিবুর রহমান, বরিশালের বাখরকাঠি কৃষি তথ্য ও যোগাযোগকেন্দ্রের সদস্য প্রশান্ত ঘোষ প্রমুখ।
তরুণদের এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মাদ আশিক ইকবাল খান, ডিএই বরিশালের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম এবং আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা শর্মিলা দাস সেতু।
প্রধান অতিথি ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার তরুণদের উদ্দেশে বলেন, এই পেশায় তরুণদের এগিয়ে আসা চাই। তাহলেই বরিশালের সেই হারানো শস্যভান্ডার আবার ফিরে পাব। কৃষিতে যুক্ত হলে তরুণদের চাকরির পেছনে ঘোরার প্রয়োজন হবে না, বরং অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেবে। তবে তা বাস্তবায়ন করতে হলে প্রয়োজন পূর্বপরিকল্পনা গ্রহণ এবং আধুনিক পদ্ধতি ব্যবহার।
বিডি প্রতিদিন/কেএইচটি