লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) আওতাধীন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।
এর আগে, বুধবার গভীর রাতে ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে মোট ২৭২টি ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করে। জব্দকৃত শাড়িগুলোর মূল্য ২৭ লাখ ২০ হাজার টাকা।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার পূর্ব ভোটহাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহজনক চোরাকারবারিরা মালামাল ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে ওই মালামাল জব্দ করে নিয়ে আসেন বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, আন্তসীমান্ত চোরাচালানকে শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য বিজিবি সর্বদা তৎপর। চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনিব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/কেএইচটি