ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সেকেরকান্দি গ্রামে পারিবারিক বিরোধের জেরে কেরির বড়ি খেয়ে আমেনা নামে এক নারী আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, প্রায় আট মাস আগে সৌদি প্রবাসী মামুনের সঙ্গে আমেনার বিয়ে হয়। প্রবাস থেকে স্বামী দেশে ফেরার পর থেকেই দাম্পত্য জীবনে অশান্তি বাড়তে থাকে। পারিবারিক কলহ দুই পরিবারের সম্পর্কেও উত্তেজনা সৃষ্টি করে।
আমেনার পরিবারের অভিযোগ, স্বামী মামুনের মাদকাসক্ত আচরণ ও শ্বশুরবাড়ির নির্যাতনে অতিষ্ঠ হয়ে মেয়েকে কয়েক মাস বাবার বাড়িতে রাখা হয়েছিল। পরে বুঝিয়ে আবার স্বামীর বাড়িতে পাঠানো হলেও সেখানেও পুনরায় কলহের জেরে এক পর্যায়ে আমেনা কেরির বড়ি সেবন করেন। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে স্টোমাক ওয়াশ করেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।
মৃত আমেনার মা সাবিনা বেগম বলেন, বিয়ের পর থেকেই জামাই ও তার পরিবার আমার মেয়েকে নির্যাতন করত। স্বর্ণালংকারও রেখে দেয়। আজ আবার মারধর করেছে। তারাই আমার মেয়েকে কেরির বড়ি খাইয়ে মেরে ফেলেছে।
বাঞ্ছারামপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আবু সাঈদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ