ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এরশাদ উল্লাহকে গণসংযোগকালে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে খাগড়াছড়িতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
শনিবার দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
প্রতিবাদ সমাবেশে জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি-২৯৮ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
ওয়াদুদ ভূঁইয়া বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে সহিংসতা চালাচ্ছে। তারা সন্ত্রাসীদের ব্যবহার করে মনোনীত প্রার্থীদের হত্যা করার চেষ্টা করছে, যাতে আসন্ন নির্বাচন বন্ধ হয়ে যায়
তিনি বলেন, গত ১৭ বছর ধরে দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং গণতন্ত্র ধ্বংস করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবাইকে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। সন্ত্রাসীদের এই দেশের মাটিতে কোনো ঠাঁই দেওয়া হবে না। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশ থেকে মনোনীত প্রার্থীদের ওপর গুলি করে হত্যাচেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং জড়িত দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বিডি-প্রতিদিন/মাইনুল