নির্বাচন বানচাল করতে একটি মহল ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। শনিবার দুপুরে টাঙ্গাইল শহরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, যারা এ দেশের মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, যারা এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চায়না, গণতন্ত্র চায় না তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। নৈরাজ্য করে নির্বাচন বানচাল ও গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র যারা করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ বলে বিএনপির কেন্দ্রীয় এ নেতা জানান।
বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, শফিকুর রহমান লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিডি-প্রতিদিন/তানিয়া