দিনাজপুরের বীরগঞ্জে নিজ ঘর থেকে দানিউল ইসলাম (৫২) নামে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের আরজি চৌপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দানিউল বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের আরজি চৌপুকুরিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা ও স্বজনরা জানান, শনিবার সকাল ১০টার দিকে দানিউল ইসলামের বাড়ির একটি কক্ষের দরজা বন্ধ অবস্থায় দেখতে পান স্বজনরা। দরজা খুলে ভেতরে ঢুকে তার রক্তাক্ত লাশ পান। দরজা বন্ধ দেখে সন্দেহ হলে ভেতরে তাকিয়ে মরদেহটি দেখতে পান। পরে দ্রুত আশপাশের লোকজনকে ও পুলিশকে বিষয়টি জানান।
এ ব্যাপারে বীরগঞ্জ থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, এটি একটি হত্যা ঘটনা। মরদেহের গলা কাটা এবং বুকে স্টেপ ছিল। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। খবর পেয়েই বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি ঘিরে রেখে প্রাথমিক তদন্ত শুরু করে।
বিডি প্রতিদিন/এএম