গাইবান্ধার সাদুল্লাপুরে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে হাবিব মিয়া (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। একইসঙ্গে অপহৃত ওই কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হাবিব মিয়া গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শহরের হায়দার আলীর ছেলে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে অপহৃতকে ছাত্রীকে উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী ওই ছাত্রী সাদুল্লাপুর সরকারি ডিগ্রি কলেজের একজন নিয়মিত শিক্ষার্থী। কলেজের যাতায়াতের রাস্তায় একা পেয়ে হাবিব মিয়া ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে বিরক্ত করতো। এসব প্রস্তাবে রাজি না হওয়ায় হাবিব মিয়া ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে গত ১১ অক্টোবর সকালে হাবিব মিয়া তার কয়েকজন সহযোগী মিলে ওই ছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মামলা করেন। এরপর থেকেই আসামিরা আত্নগোপনে ছিলেন।
ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামী গ্রেপ্তার ও ভুক্তভোগীকে উদ্ধারে র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ গাইবান্ধা ও র্যাব-২ বসিলা মোহাম্মদপুর যৌথ দল অভিযান পরিচালনা করে। এসময় মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান এলাকা থেকে অপহৃত কলেজছাত্রীকে উদ্ধারসহ আসামি হাবিব মিয়াকে গ্রেপ্তার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য অপহৃতা ও গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম