শিক্ষার মানোন্নয়ন, নৈতিকতা ও ইসলামী শিক্ষার গুরুত্ব তুলে ধরে মুন্সীগঞ্জে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে শ্রীনগর উপজেলার হোগলাগাঁও হাজী রিয়াজুল ইসলাম দারুচ্ছুন্নাত দাখিল মাদরাসা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামীরুল মিল্লা কামিল মাদরাসার মাওলানা সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুস সামাদ। এসময় তিনি শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের দায়িত্ব, ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব এবং যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
মাদরাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনা করেন মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আবুল বাশার তালুকদার। এসময় ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোত্তাকীন, আজীবন দাতা সদস্য গোলাম রব্বানীসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা আদর্শ মানুষ গড়তে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ চর্চার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনে মাদরাসা শিক্ষার ভূমিকা অপরিসীম।
বিডি প্রতিদিন/কামাল