মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফারুক হালদার ৪২ নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে মেঘনা গৌমতী সেতুর গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পাখির মোড় এলাকায় সেতুর ঢালে ঢাকা গামী সড়কে লাশটি পড়ে থাকতে দেখা যায়।
নিহত ফারুক হালদার মাদারীপুর জেলার কালকিনি উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি মধ্য চর গ্রামের আইন উদ্দিন হালদারের ছেলে।
স্থানীয়রা জানান, বাউশিয়া পাখি পয়েন্ট এলাকা থেকে সেতুর ঢালের দিকে একটি লাশ পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নিহতের ছোট বোন রোজিনা আক্তার বলেন, আমার ভাই শনির আখড়ার শেখদি এলাকায় চায়ের দোকানদারি করতেন। শুনেছি তিনি স্থানীয়দের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন। পরে পুলিশের মাধ্যমে খবর পেয়ে আমরা এখানে আসি। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি, কীভাবে তার মৃত্যু হয়েছে। মোটরসাইকেল দুর্ঘটনায় নাকি রাস্তা পারাপারের সময় তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন, সেটি আমরা জানি না।
ভবেরচর হাইওয়ে থানার সার্জেন্ট আহসান হাবীব জানান, দুপুর ১টা ৪৫ মিনিটে এক ব্যক্তি ফোন করে জানান, সড়কে দুর্ঘটনায় এক ব্যক্তির লাশ পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা গিয়েছিলেন।
তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আশিক