ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে শহরের খাসমহল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম। তিনি জানান, বাসায় কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে। কী পরিমাণ মালামাল নেওয়া হয়েছে, তা এখনো জানা যায়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুইজন খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। একপর্যায়ে পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে। গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে শুক্রবার বিকালেই পরিবারের সদস্যরা ঢাকায় রওনা দেন।
এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে শনিবার সকালে ঝালকাঠিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা বিএনপি। এছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝালকাঠি জেলা শাখার আয়োজনে বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে তার নিজ জেলা ঝালকাঠিতে দ্বিতীয় দিনের মতো এক ঘণ্টা সড়ক অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। এ সময় অবরোধকারীরা সড়কে মাগরিবের নামাজ আদায় করেন এবং ওসমান হাদির সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন।
ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় শনিবার সকালে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
বিডিপ্রতিদিন/কবিরুল