ওসমান হাদি ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদ এবং দোষীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর মহানগর বিএনপি। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছেন গাজীপুর-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি।
শনিবার বিকেলে সিটি করপোরেশনের রথখোলা এলাকায় শরীফ ওসমান হাদী ও এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শিববাড়ি মোর এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশে অংশ নিয়ে এম. মঞ্জুরুল করিম রনি, শরীফ ওসমান হাদির ওপরে গুলি বর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানিয়ে বলেন, এটি পরিকল্পিত হামলা। নির্বাচন বানচালের জন্য এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। এসময় তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহর ওপর হামলার নিন্দা ও দায়ীদের গ্রেফতারের দাবী জানান।
মিছিলে অংশগ্রহণকারী নেতাদের মধ্যে ছিলেন বিএনপি নেতা আহমেদ আলী রুশদী, এডভোকেট শহীদুজ্জামান, অ্যাডভোকেট আব্দুস সালাম, সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, হাসান আজমল ভ‚ইয়া, সুরুজ আহমেদ, জয়নাল আবেদীন তালুকদারসহ বিপুল সংখ্যক বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএম