নোয়াখালীর সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আঞ্চলিক কর্মকর্তা মো. মাইনউদ্দিন (৩৭) নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যার দিকে উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চরউরিয়া গ্রামের সোনাপুর টু চেয়ারম্যানঘাট সড়কের খলিল মিয়ার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইনউদ্দিন সুবর্ণচর উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চরমজিদ গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে তিনি বাবার সঙ্গে মোটরসাইকেলে জোবায়ের বাজার যান। বাবাকে সেখানে রেখে মাইনউদ্দ্দিন কুমল্লি কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা করলে সোনাপুর টু চেয়ারম্যানঘাট সড়কের খলিল মিয়ার বাড়ির সামনে সুবর্ণচরগামী একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে গুরুতর আহত মাইনউদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, বিষয়টি গণমাধ্যম থেকে জানতে পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আশিক