নওগাঁয় ট্রাকচাপায় মোতালেব (৫০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিনজন যাত্রী আহত হয়েছেন।
রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার কাঁঠালতলী–রানীনগর আঞ্চলিক সড়কের পিরোজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালক রানীনগর উপজেলার খট্রশর গ্রামের মৃত বরকতের ছেলে।
আহতরা হলেন— কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার মহেন্দ্রপুর গ্রামের আলম খন্দকারের ছেলে আজগর হোসেন (৩১), নওগাঁ সদর উপজেলার পিরোজপুর পশ্চিমপাড়া এলাকার মৃত জামালের স্ত্রী মালেকা বেওয়া (৫০) এবং সদর উপজেলার শিমুলিয়া মণ্ডলপাড়া এলাকার আব্দুল লতিফের কন্যা জেরিন (২০)।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ থেকে তিনজন যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা রানীনগরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি রানীনগর–কাঁঠালতলী আঞ্চলিক সড়কের পিরোজপুর এলাকায় পৌঁছালে নওগাঁ শহরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি উল্টে সড়কের নিচে পড়ে যায় এবং অটোরিকশাটি যাত্রীসহ ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই ট্রাকচাপায় অটোরিকশা চালকের মৃত্যু হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিয়ামুল হক বলেন, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল