মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রায় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
রবিবার বিকেলে উপজেলার রশুনিয়া ইউনিয়নের চকদারপাড়া ঈদগাহ মাঠে সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর সঙ্গে হাত মিলিয়ে তার পক্ষে কাজ করার অঙ্গীকার করেন নবাগত নেতাকর্মীরা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজদিখান উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মনির হোসেনের নেতৃত্বে জামায়াতের শতাধিক নেতা-কর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় বিএনপির পক্ষ থেকে নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল ও মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাছিম খান, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য অহিদুল বেপারী মঞ্জু, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন এবং সদস্য সচিব শাহাদাৎ শিকদার।
বিডি-প্রতিদিন/আশফাক