মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফলাফলে এবারও নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা চমক দেখিয়েছেন। প্রতিবছর এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী মেডিকেল, বুয়েটসহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়ে আসছেন। এবারও কলেজটির ৪৫জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।
রবিবার (১৪ ডিসেম্বর) রাতে কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।
দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া কলেজটির ৪৫ জন শিক্ষার্থীর মধ্যে ছেলে ১৩ জন ও ৩২ জন মেয়ে।
কলেজটি থেকে প্রতি বছর অনেক শিক্ষার্থী মেডিকেল কলেজ, রুয়েট, কুয়েট ও চুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন। রেকর্ড সংখ্যক শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
সৈয়দপুর বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, এ শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকির ফলে প্রতি বছর আশানুরূপ ফলাফল করছে শিক্ষার্থীরা। মূলত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতি বছর মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে। এবার ৪৫ জন শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে, তবে সবার তথ্য পেলে আর দু’একজন বাড়তে পারে।
বিডি-প্রতিদিন/জামশেদ