মেয়াদোত্তীর্ণ ওষুধ, অনুমোদনহীন প্রসাধনী ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে মেহেরপুরের গাংনী বাজারের তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন প্রসাধনী বিক্রির দায়ে আকমল স্টোরের মালিক আকমল হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের অভিযোগে আমিন মিষ্টান্ন ভাণ্ডারের মালিক রাশেদুল ইসলামকে ৫০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে এসএস ফার্মেসির মালিক মফিজুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ব্যবসা-বাণিজ্যের বিরুদ্ধে নয়, ব্যবসায়ীকে সংশোধন করাই ভোক্তা অধিকারের লক্ষ্য। এই ব্যবসায়ীরা ভুল সংশোধনের সময় চাওয়ায় তাদের সুযোগ দেওয়া হয়েছে।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান, গাংনী সেনাবাহিনী ক্যাম্পের সদস্য ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এলাকাবাসীর দাবি, জীবনরক্ষাকারী ওষুধের ক্ষেত্রে শূন্য সহনশীলতা, জরিমানার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং জব্দকৃত মেয়াদোত্তীর্ণ পণ্য প্রকাশ্যে ধ্বংস নিশ্চিত করতে হবে।
বিডি-প্রতিদিন/এমই