নেত্রকোনার কলমাকান্দায় একটি ছোট ডোবায় পড়ে তোহা নামের ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটি ওই গ্রামের মাদ্রসা শিক্ষক সাজিদুর রহমান ও গৃহিনী তামান্না আক্তার দম্পতির ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে শিশু তোহা খেলা করছিল। এই সুযোগে তার মা রান্নার কাজ করছিলেন। এক পর্যায়ে শিশুটি খেলতে গিয়ে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। বেশ কিছুক্ষণ শিশুটিকে দেখতে না পেয়ে তার মা চিৎকার করলে পরিবার ও এলাকাবাসী ছুটে আসেন। সবাই মিলে খোঁজাখুঁজি করতে গিয়ে এক পর্যায়ে পাশের ডোবায় শিশু তোহাকে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎক মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ওসি মো. সিদ্দিক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েই পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে গিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/জামশেদ