দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় যমজ বোন মেডিক্যাল কলেজ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনন্য সাফল্য অর্জন করেছেন। তারা হলেন মুসফিকা নাসনিন ও মাখনুন আখতার। দুই বোন উপজেলার ইশানীয়া ইউনিয়নের রামপুর গ্রামের মুরারীপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. মশিউর রহমানের মেয়ে। তাদের মা নাজমুন নাহার গৃহিণী।
চলতি বছরের মেডিক্যাল কলেজ ভর্তি পরীক্ষার ফলাফলে মুসফিকা নাসনিন ১ হাজার ২৩১তম স্থান অর্জন করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে এবং, মাখনুন আখতার ৬৬০তম স্থান অর্জন করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। রবিবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
যমজ বোনদের মা নাজমুন নাহার বলেন, ‘সংসারে নানা সমস্যা থাকলেও কখনো মেয়েদের পড়াশোনা বন্ধ রাখিনি। কষ্ট করে হলেও তাদের পড়ালেখা চালিয়ে গেছি। আজ আমার দুই মেয়েই মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়েছে, এটা আমার জীবনের বড় প্রাপ্তি। সবাই দোয়া করবেন, তারা যেন মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারে।’
শিক্ষাজীবনে ধারাবাহিক সাফল্যের নজির রেখেছেন মুসফিকা ও মাখনুন। তারা সেতাবগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে দিনাজপুর সরকারি কলেজে ভর্তি হয়ে এইচএসসি সম্পন্ন করেন। এরপর দীর্ঘ প্রস্তুতি ও অধ্যবসায়ের মাধ্যমে মেডিক্যাল কলেজে ভর্তির স্বপ্ন পূরণ করতে সক্ষম হন যমজ এই দুই বোন। স্থানীয়রাও তাদের এ সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন।
বিডি-প্রতিদিন/এমই