নীলফামারী সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুবাশ্বিরা আমাতুল্লাহ সরকারী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তিনি।
সহকারী কমিশনার (ভূমি) মলি আক্তার, নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি আব্দুর রউফ বক্তব্য দেন মতবিনিময় সভায়।
সভাপতির বক্তব্যে ইউএনও মুবাশ্বিরা আমাতুল্লাহ বলেন, আমাদের মূল লক্ষ্য এখন জাতীয় নির্বাচন। অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্নে আমরা কাজ শুরু করেছি। সকলে এক্ষেত্রে সহযোগীতা করতে হবে। শুধু প্রশাসন নয় সকলে মিলে কাজ করলে সেটি দ্রুত সম্পন্ন হয় এবং এর অংশীদার সবাই। ইউএনও বলেন, আইন শৃঙ্খলা রক্ষা এবং উন্নয়নের ক্ষেত্রে সকলের মতামতকে প্রাধান্য দিয়ে আমি কাজ করে নীলফামারীকে এগিয়ে নিতে চাই।
গত ৯ ডিসেম্বর নীলফামারী সদর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। সভাশেষে ইউনিয়ন ভূমি অফিসার্স সমিতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির পক্ষ্য থেকে নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানানো হয়।
বিডি প্রতিদিন/এএম