লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে শহরের জিরোপয়েন্ট এলাকা থেকে বর্ণাঢ্য র্যালি নিয়ে ঝুমুর এলাকায় বিজয় স্মৃতি স্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
এ সময় বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবউদ্দিন সাবু ও যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, কালুরঘাট বেতারকেন্দ্র থেকে ঐতিহাসিক ঘোষণা যদি সেদিন প্রেসিডেন্ট জিয়া না দিতেন, বাংলাদেশের মুক্তযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব যদি তিনি না দিতেন, রনাঙ্গনে অস্ত্র হাতে যদি যুদ্ধ না করতেন, তাহলে স্বাধীন বাংলাদেশ আজ পর্যন্ত হয়তো প্রশ্নবিদ্ধই থেকে যেতো।
এদিকে, বেলা ১১ টার দিকে শহরের উত্তর তেমুহনী থেকে জেলা জামায়াতের উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। এতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারী ড. মোহাম্মদ রেজাউল করিম, লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া ও সেক্রেটারী এআর হাফিজ উল্যাহসহ নেতাকর্মীরা অংশ নেয়।
রেজাউল করিম বলেন, ‘ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ ১৫ বছর ধরে যে গণতান্ত্রিক অধিকার হারিয়েছিল, পথভ্রষ্ট হয়েছিল এবং আধিপত্যবাদী শক্তির কবলে পড়েছিল; গুম-খুন, হত্যা, রাহাজানি ও নির্যাতনের মধ্য দিয়ে যে অতীত ইতিহাস কলঙ্কিত হয়েছিল—এবারের বিজয় দিবস সেই বাংলাদেশকে কলঙ্কমুক্ত করার বিজয়।’
বিডি-প্রতিদিন/জামশেদ