ঢাকার কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জিনজিরার মনু ব্যাপারীর ঢালে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।
প্রথমে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
এরপর উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় শান্তির প্রতীক পায়রা অবমুক্ত ও রঙিন বেলুন উড়িয়ে মহান বিজয় দিবস এবং বিজয় মেলার উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক। কুচকাওয়াজে থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার সদস্য এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের হাতে উপহার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) আফতাব আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রাজস্ব সার্কেল (মডেল) জান্নাতুল মাওয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বিডি প্রতিদিন/এএম