নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহের ভালুকায় স্থানীয় প্রশাসন, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এদিন সকাল সাড়ে ৮টায় ভালুকা সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা সশস্ত্র সালাম প্রদর্শন করেন।
একই মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউএনও মো. ফিরোজ হোসেন ও ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম। পরে বীর মুক্তিযোদ্ধা, সশস্ত্র বাহিনী এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, উপজেলা জামায়াতের আমির সাইফ উল্লাহ পাঠান ফজলু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেলসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বিডি প্রতিদিন/কেএইচটি