বাংলাদেশের মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী সংগঠন একুশে একাডেমি অস্ট্রেলিয়ার উদ্যোগে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গত রবিবার (১৪ ডিসেম্বর) সিডনির অ্যাশফিল্ড সিভিক সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় বিকেল ৩টায় ‘অ্যাকনলেজমেন্ট অব কান্ট্রি’ পরিবেশনের মাধ্যমে। এরপর বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। ১৯৭১ সালের শহীদ বুদ্ধিজীবী, ১৯৫২ সালের ভাষা শহীদ এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
একুশে একাডেমির নিজস্ব সাংস্কৃতিক দল ‘অভিযাত্রী’র পরিবেশনায় দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন অমিয়া মতিন, অভিজিৎ বড়ুয়া, পিয়াসা বড়ুয়া, রোকসানা বেগম, আনিসুর রহমান, লিলি গোমেজ, বেঞ্জামিন গোমেজ ও ছায়া বিশ্বাস। তবলায় সঙ্গত করেন মিঠু বর্মন। সাংস্কৃতিক পরিবেশনা পরিচালনা করেন অমিয়া মতিন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একুশে একাডেমি অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সাজু।
কেক কাটার মাধ্যমে মহান বিজয় দিবসের আলোচনা পর্বের সূচনা করা হয়। আলোচনায় মুক্তিযুদ্ধ, স্বাধীনতার তাৎপর্য এবং প্রবাসে মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তরুণ, সাইদুজ্জামান খান, শাহাদাত হোসেন এবং আবুল এইচ এম হেলাল উদ্দিন।
অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। সমাপনী বক্তব্যে একুশে একাডেমি অস্ট্রেলিয়ার সভাপতি ড. সুলতান মাহমুদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য একুশে বইমেলায় সবাইকে আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/মাইনুল