ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে সোনারগাঁ উপজেলা প্রশাসনের আয়োজনে সোনারগাঁ স্টেডিয়ামে কুচকাওয়াজ ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। এর আগে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে শহীদ মজনু শাহ পার্কের বিজয় স্তম্ভ ও উপজেলা চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক ব্যানারে বিজয় স্তম্ভ ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে দেখা যায়।
অনুষ্ঠানে অংশ নেয় সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, পৌরসভা বিএনপির সভাপতি শাজাহান মিয়া এবং পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ দলীয় নেতৃবৃন্দ। পরে উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয়ের চেতনা ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেয়। এছাড়া দিবসটির তাৎপর্য তুলে ধরতে পায়রা উড়ানো হয়, যা অনুষ্ঠানের বাড়তি আবেগ ও উৎসবের আমেজ সৃষ্টি করে।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযুদ্ধভিত্তিক একটি মেলার আয়োজন করা হয়। মেলায় মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ ও বিজয়ের চেতনা তুলে ধরা বিভিন্ন স্টল ও প্রদর্শনী দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে।
বিডি প্রতিদিন/এএম