দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় মেসার্স জহুরা ইন্ডাস্ট্রিজের ভেতরে ধানবোঝাই একটি ট্রাকের কেবিনে অগ্নিকাণ্ডের ঘটনায় ট্রাকের চালক ও সহকারী দগ্ধ হয়েছেন। ওয়্যারিংয়ের তার থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর ৫টার দিকে আগুনের সংবাদ পেয়ে সেতাবগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং অগ্নিদগ্ধ ট্রাকের ড্রাইভার ও হেল্পারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎস প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জানা গেছে, অগ্নিদগ্ধ ট্রাক ড্রাইভার মো. মিজানুর রহমান ঝুঁকিমুক্ত হলেও হেল্পার আবু সাইদের (২২) অব্স্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল হান্নান সাংবাদিকদের জানান, ফজরের নামাজের সময় ফায়ার সার্ভিস থেকে ফোনে আমাকে জানানো হয় যে আমার মিলের ভেতরে একটি ট্রাকের কেবিনে আগুন লেগেছে এবং ট্রাকের ড্রাইভার ও হেল্পার মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। এ খবর শোনার পর আমি অগ্নিদগ্ধদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি।
মিলের ফোরম্যান বিশ্বজিৎ জানান, রাত সাড়ে ৩টার দিকে তিনি ঘুমাতে যান। ভোর সোয়া ৫টার দিকে মিলের একজন হেল্পার তাকে জানান যে ধানবোঝাই একটি ট্রাকে আগুন লেগেছে।
এ বিষয়ে সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, আমরা ট্রিপল লাইনের মাধ্যমে ভোর ৫টা ৩৪ মিনিটে জহুরাতে আগুন লাগার সংবাদ পাই। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে দেখি, জহুরা অটো রাইস মিলের ১০ নম্বর মিল সংলগ্ন এলাকায় নাটোরের সিংড়া থেকে আসা ১০ চাকার একটি ধানবোঝাই ট্রাকে আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি অগ্নিদগ্ধদের হাসপাতালে পাঠানো হয়। ড্রাইভারের অবস্থা স্বাভাবিক থাকলেও হেল্পারের অবস্থা আশঙ্কাজনক। ট্রাকের ড্রাইভার জানিয়েছেন, ওয়্যারিংয়ের তার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বিডি-প্রতিদিন/জামশেদ