নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাই নূর ছালাম ওরফে বোবা ডাকাত (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে।
মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানাধীন মাদানীনগর নুরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নূর ছালামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত দুইটি হত্যাসহ মোট আটটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ২১ জুলাই সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত কিশোর মো. ছায়েদুল হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি নূর ছালাম।
নূর ছালাম সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাই। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এক কাউন্সিলরের পিতা বলেও পুলিশ জানিয়েছে।
ওসি আরও জানান, গ্রেফতারের পর মঙ্গলবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সুজন