আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুরে সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রতিযোগিতা করার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত দলীয় প্রার্থী, দলগুলোর প্রান্তিক পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষের সমন্বয়ে এই রাজনৈতিক সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টের সম্মেলনকক্ষে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম জামালপুর এই সংলাপ আয়োজন করে। সভায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার আহসানুজ্জামান রুমেল, জামালপুর-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য
পদপ্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামায়াতের প্রার্থী জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তার, গণঅধিকার পরিষদের সংসদ সদস্য পদপ্রার্থী জাকির হোসেন, জামালপুর-৩ আসনে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান আজাদী, এনসিপির জেলা শাখার সদস্যসচিব ডা. মোশারফ হোসেন, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, সাধারণ সম্পাদক শুভ্র মেহেদীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে হবে। নির্বাচনী প্রচার-প্রচারণায় সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতে হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সকল শ্রেণি-পেশার মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে সবাইকে সতর্কতার সঙ্গে সোচ্চার ও সজাগ থাকবে হবে।
বিডি প্রতিদিন/কেএইচটি