কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালসহ ১৬ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (১৭ ডিসেম্বর) কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) মধ্যরাত ১টায় কোস্টগার্ড জাহাজ সবুজ বাংলা কর্তৃক সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ-সংলগ্ন দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বোটে তল্লাশি করে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১২টি ট্রলিং জালসহ ১৬ জেলেকে আটক করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত জাল, আর্টিসানাল ট্রলিং বোট ও আটককৃত জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। মৎস্যসম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিডি প্রতিদিন/কেএইচটি