রংপুরের মিঠাপুকুর উপজেলার যমজ বোন হাফসা ইসমাত নাজাহ ও হাজ্জা ইসমাত নুবাহ এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে তাক লাগিয়ে দিয়েছেন। একজন কুষ্টিয়া মেডিকেল কলেজ ও অন্যজন নীলফামারী মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন।
একই পরিবারের দুজন মেডিকেল ভর্তিতে সুযোগ পাওয়ায় খুশির বন্যা বইছে পরিবারে। মিঠাপুকুর উপজেলার জায়গীরহাটের নিশ্চিন্তপুর গ্রামের মোতাহার মণ্ডল ও শাহানাজ বেগম দম্পতির মেয়ে তারা।
নাজাহ ও নুবাহ মিঠাপুকুর মডেল সরকারি বিদ্যালয় থেকে এসএসসি ও রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ ফাইভ পেয়ে পাস করেন। এবারে তারা একজন কুষ্টিয়া মেডিকেল কলেজ ও অন্যজন নীলফামারী মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন।
গ্রামের সাধারণ পরিবেশ থেকে উঠে এসে দুই বোনের এই অভাবনীয় সাফল্য শুধু তাদের পরিবারের জন্যই নয়, বরং পুরো মিঠাপুকুর তথা রংপুরের জন্য গর্বের বিষয় বলে জানান এলাকাবাসী। নাজাহ ও নুবাহ প্রমাণ করেছেন যে, কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছা থাকলে কোনো বাধাই সাফল্যের পথে অন্তরায় হতে পারে না। নাজাহ ও নুবাহ ভবিষ্যতে ভালো ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করতে চান।
মেয়েদের এমন সাফল্যে বাবা মোতাহার মণ্ডল বলেন, আমার দুই মেয়ে ছোটবেলা থেকেই মেধাবী ছিল। তাদের স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করা। আল্লাহ তাদের সেই স্বপ্নপূরণের সুযোগ করে দিয়েছেন। আমি সবার কাছে ওদের জন্য দোয়া চাই। আমার দুই মেয়ে যেন ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারেন।
নাজাহ ও নুবাহর দাদা অবসরপ্রাপ্ত শিক্ষক শাজাহান আলী মণ্ডল বলেন, আমাদের পরিবারের ইচ্ছে ছিল কেউ চিকিৎসক হোক। সেই প্রত্যাশা পূরণ করেছে আমার এই দুই নাতনি। আমিসহ আমাদের পরিবারের লোকজন সবাই খুশি। আমি সবার কাছে তাদের জন্য দোয়া চাই।
বিডি প্রতিদিন/কেএইচটি