নারায়ণগঞ্জের আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়নের খিরদাসাদী এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে পাওয়ার লুম ব্যবসায়ী হাজি আব্দুর রবের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
তিনি বলেন, গভীর রাতে আমার বাড়িতে ১৫ থেকে ২০ জনের মুখোশ পরিহিত ডাকাতদল কেচিগেট ভেঙে ভেতরে ঢুকে বাড়ির সকলকে জিম্মি করে ১০ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৭ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এদিকে, ডাকাতির খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশও ডাকাতদের ধরার উদ্দেশ্যে ১০ রাউন্ড গুলি ছোড়ে। তবে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতদল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় ব্যবসায়ী আব্দুর রব এবং তার পাওয়ার লুমের শ্রমিক আব্দুল আহত হয়েছেন। শ্রমিক আব্দুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যবসায়ী আব্দুর রব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। কিন্তু ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ গুলি চালালেও তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ঘটনায় আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন এবং ডাকাতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/কেএইচটি