নারায়ণগঞ্জে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) গাড়ি আটকে রেখে শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার মূল আসামি গ্রেফতার সহ ৭ দফা দাবি জানিয়েছেন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের বিকেএমইএ’র প্রধান কার্যালয়ের সামনে রাস্তা আটকে ছাত্রশক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, এনজিবি ও ওয়ারিয়র্স অব জুলাইয়ের নেতাকর্মীরা এই দাবি জানান। পরে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে গাড়ির সামনে থেকে সরে যান তারা।
এদিন নারায়ণগঞ্জ শহরে বিকেএমইএ’র পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্পপুলিশ-৪-কে ৬টি পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখান থেকে যাওয়ার সময়ে এই ঘটনা ঘটে। এ সময় প্রায় আধা ঘণ্টা অবরুদ্ধ ছিলেন তিনি।
ছাত্রসংগঠনের নেতাকর্মীরা লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের গ্রেফতার, সীমান্তে হত্যা বন্ধ, ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় মূল আসামি গ্রেফতার, আওয়ামী সন্ত্রাসীদের পুনর্বাসনে তদবির বাণিজ্য বন্ধসহ ৭টি দাবি জানান।
পরে তাদের দাবি মেনে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, ওসমান হাদি এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। আপনারা সবাই তার জন্য বেশি বেশি দোয়া করবেন। যেনো তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। পাশাপাশি আপনারা আরও যেসব দাবি জানিয়েছেন তা সবই যৌক্তিক। আমরা তা বাস্তবায়নে কাজ করব।
বিডি প্রতিদিন/কেএইচটি