কুড়িগ্রামে প্রতিবন্ধীদের সেবা, প্রতিবন্ধকতা দূরীকরণে সম্পৃক্ততা ও আত্ম উন্নয়নের লক্ষ্যে 'আত্ম-অনুসন্ধান সংলাপ' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুড়ি হলরুমে এ আলোচনা সভা আয়োজন করা হয়। কুড়িগ্রাম জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজিত এ সংলাপে সমাজসেবার আওতাধীন নারী-পুরুষ শিক্ষার্থী, সমাজকর্মী ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম খুদরত ই খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হাবিবুর রহমান, উম্মে কুলসুম রোজীসহ অন্যরা।
আলোচনায় প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের বিভিন্ন সমস্যা, স্বেচ্ছাসেবার অভিজ্ঞতা, উন্নয়ন ও মানবিক মূল্যবোধ নিয়ে মতবিনিময় হয়। অংশগ্রহণকারীরা জানান, এই সংলাপ নিজের ভেতর ও সমাজের জন্য আরও কার্যকরভাবে কাজ করতে অনুপ্রাণিত করেছে।
এবিএম কুদরত ই খুদা বলেন, আত্মঅনুসন্ধানের মাধ্যমে নিজের শক্তি, দায়বদ্ধতা ও সামাজিক ভূমিকা অনুধাবন করা সম্ভব। এতে ব্যক্তি যেমন নৈতিকভাবে শক্তিশালী হয়, তেমনি সমাজেও ইতিবাচক পরিবর্তন আসে। বিশেষ করে সমাজ সংস্কারে নেতৃবৃন্দের আত্মবিশ্বাস, সহমর্মিতা বিকাশে এ ধরনের সংলাপ গুরুত্বপূর্ণ।
বিডি-প্রতিদিন/এমই